নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :- রাতে খাবার না পেয়ে হোটেলে তান্ডব চালাল এক দল দুষ্কৃতী। মারের আঘাতে গুরুতর আহত হোটেল মালিক থেকে কর্মচারীরা। ভেঙে দেওয়া হয় টেবিল, বসার বেঞ্চ। ঘটনাটি ঘটে সোমবার রাতে চুঁচুড়া ঘড়ির মোড় জনতা হোটেলে। মালিক অনির্বান সিংহ রায় বলেন, সোমবার রাতে দোকান বন্ধ করার সময় আচমকাই একজন হোটেলে এসে চিকেন ফ্রায়েড রাইস খেতে চায়। তখন দোকানের কর্মচারী তাকে জানায় এখানে শুধু রুটি তরকারি হবে। এরপরই রেগে গিয়ে ভাঙচুর শুরু করে দেয় সে। এরপরই আরও জনা দশেক ছেলে হোটেলে এসে তান্ডব শুরু করে। হোটেল মালিক আটকাতে এলে তাকে ফেলে মারধর শুরু করে দেয় দুষ্কৃতীরা। হোটেল মালিক অনির্বান সিংহ রায়ের অভিযোগ, হোটেলে ভাঙচুর চালানোর পাশাপাশি হোটেলের ক্যাশ থেকে টাকা ও লুঠ করে দুষ্কৃতীরা। মারের চোটে চোখে গুরুতর আঘাত পায় অনির্বান বাবু। অনির্বান বাবু শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য। চোখের আঘাতের জন্য বুধবার আসানসোলে ৫৩তম ওয়েস্ট বেঙ্গল স্টেট শুটিং চ্যাম্পিয়নশিপ খেলায় অংশগ্রহণ করতে পারেননি তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করেছে চুঁচুড়া থানা।

No comments:
Post a Comment