নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২ফেব্রুয়ারি :- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে ভার্চুয়াল মাধ্যমে দ্বারোদঘাটন হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর বিবেকানন্দ বাসস্ট্যান্ডের। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক, উত্তরবঙ্গ উৎসব মঞ্চ থেকে এদিন বিকেলে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন পূর্ত ও যুবকল্যান মন্ত্রী অরুপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, আদিবাসী ও অনগ্রসর কল্যান মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ। অপরদিকে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডের মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দেবসিংহ, অতিরিক্ত জেলাশাসক অলঙ্কৃতা পান্ডে, কালিয়াগঞ্জের পুর প্রশাসক শচীন সিংহরায়, প্রশাসক মন্ডলী সদস্য কমল ঘোষ।
রেল দপ্তরের লিজ নেওয়া জমির উপর এই বাসস্ট্যান্ড গড়ে উঠেছিল ২০০২ সালে। ২০১৮ সালে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংস্কার করে নবরূপে সাজিয়ে তোলার উদ্যোগ নেয় কার্তিক পালের নেতৃত্বাধীন তৎকালীন তৃনমূলী পৌর বোর্ড। প্রায় ৩.৫ কোটি টাকা ব্যায়ে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংস্কারের কাজ শেষ হয়েছে। এর মধ্যে প্রায় ২ কোটি টাকা দিয়েছিল রাজ্য পরিবহন দপ্তর। বাকি অর্থ পুরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে খরচ করা হয়েছে। বহুদিন আগেই কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংস্কারের কাজ শেষ হলেও করোনা পরিস্থিতির জন্য উদ্বোধন আটকে ছিল। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে সোমবার বিকেলে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসব মঞ্চ থেকে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডের দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী। কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর নামাঙ্কিত ফলক উন্মোচন করেন স্হানীয় বিধায়ক তপন দেবসিংহ!

No comments:
Post a Comment